প্রকাশের তারিখঃ Dec 14, 2025 ইং
G.O.A.T এবং ছাগলের পার্থক্যটা বুঝুন নেটিজেনদের তোপে শুভশ্রী
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে কড়া সমালোচনার মুখে পড়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। এক নেটিজেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে কটাক্ষ করে লেখেন G.O.A.T এবং ছাগলের পার্থক্যটা বুঝুন। বিশেষ করে মেসির নামের সঙ্গে ব্যবহৃত একটি জনপ্রিয় শব্দ নিয়ে ভুল ধারণা প্রকাশ করায় নেটিজেনদের তোপের শিকার হন নায়িকা।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে কলকাতায় পৌঁছান ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শুভশ্রী। সেখানে মেসির সঙ্গে একাধিক ছবি তুলে তিনি নিজেকে বাংলা সিনেমার প্রতিনিধি হিসেবে তুলে ধরেন।
মেসির সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী তার ক্যাপশনে প্রথমে লেখেন, বাংলা ফিল্মকে Goat এর সামনে রিপ্রেজেন্ট করার সুযোগ পেলাম। তবে ক্যাপশনে G.O.A.T(Greatest Of All Time-সর্বকালের সেরা)- এর পরিবর্তে সরাসরি 'Goat' লেখায় খেলাধুলা সম্পর্কে নায়িকার ধারণা নিয়ে নেটিজেনরা প্রশ্ন তোলেন। এখানেই থেমে থাকেনি তারা, মজাও নিয়েছেন অনেকে মন্তব্যঘরে। ফলে রীতিমতো তোপের মুখে পড়েন শুভশ্রী।
এক নেটিজেন কটাক্ষ করে লেখেন, আগে বলুন মেসি ব্যাট করে নাকি বল করে, নাকি উইকেট কিপার। তবে একজন বুঝিয়ে দেন ব্যাপারটা, লেখেন- G.O.A.T এবং goat এর পার্থক্যটা বুঝুন। সর্বকালের সেরা(G.O.A.T.) এবং সাধারণ প্রাণী ছাগল (goat) সম্পূর্ণ ভিন্ন এবং বিপরীত অর্থ বহন করে। একটি শ্রেষ্ঠত্ব বোঝায়, অন্যটি সাধারণ বা দুর্বলতা বোঝাতে ব্যবহৃত হয়। পরে অবশ্য শুভশ্রী তার পোস্টটি সংশোধন করে কেবল G.O.A.T শব্দটি রাখেন।
শুভশ্রীকে কটাক্ষ করে আরেকজন নেটিজেন লেখেন, শুভশ্রী হলিউড নায়িকাদের মতো পোশাক বা সাজগোজ করার চেষ্টা করেছিলেন কিন্তু যেই মুহূর্তে তিনি তার অক্সফোর্ড ইংরেজি বলা শুরু করবেন, মেসি হয়তো স্ট্রোক করবেন। এই মন্তব্যের মাধ্যমে অভিনেত্রীর ইংরেজি বলার ধরন নিয়ে তীর্যক সমালোচনা করা হয়।
Copyright © 2026 All rights reserved.